খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠিয়েছে তদন্ত কমিটি। যার স্মারক নং-৫০০৯।
তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত কার্যক্রম শেষ করেছি। আজকে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, আজকে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। আজকের মধ্যেই আমরা প্রতিবেদন হাইকোর্টে পাঠাবো। পরবর্তীতে হাইকোর্ট যেভাবে নির্দেশনা দিবে সেই আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাচ্ছুমসহ ৭-৮ জনের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
আরও দেখুনঃ
মন্তব্য