শামসুল হক টুকু নবনির্বাচিত ডেপুটি স্পিকার শপথ নিলেন , শপথ নিলেন নবনির্বাচিত ডেপুটি-স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল-হক টুকু। রোববার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
শামসুল হক টুকু নবনির্বাচিত ডেপুটি স্পিকার শপথ নিলেন

সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি-স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। ডেপুটি-স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন।
প্রথমে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি ১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। তিন পুত্র সন্তানের জনক তিনি।

আরও দেখুনঃ
- বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের সম্ভাবনাকে হত্যা করা হয়েছিল : নৌ প্রতিমন্ত্রী
- বিএনপি-জামায়াতের ভাষায় কথা বলছেন বামপন্থীরা : আমির হোসেন আমু
- সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে : বিএনপিকে ওবায়দুল কাদের
- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নের প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক
- নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় : ওবায়দুল কাদের