,

তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন অটোরিকশার চালক, জানাল পুলিশ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত বুধবার রাতে দূরপাল্লার বাস থেকে নেমে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য সুমনের অটোরিকশায় ওঠে তাজমিন। চালক গন্তব্যে না গিয়ে অন্য পথে গাড়ি চালাতে শুরু করলে বিপদের আশঙ্কা করে সে বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন ও সাহায্য চেয়ে বার্তা পাঠায়। তবে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় বার্তাটি সময়মতো দেখতে পাননি।

অটোরিকশাটি বিজরা, রসুলপুর ও শিকারীপাড়া হয়ে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি নির্জন ধানক্ষেতে পৌঁছায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে তাজমিন পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সুমন তাকে ধর্ষণের পর গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে লালমাই থানা-পুলিশ। ঘটনাস্থলের পাশে অটোরিকশাটিও পাওয়া যায়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। তাঁর বাবা রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত থাকায় পরিবারটি নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত। তাজমিন স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে ক্লাসে অনুপস্থিত ছিল।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। বুধবার রাত ১২টা ১৯ মিনিটে তাকে নগরীর হোটেল নূরজাহানের সামনে সর্বশেষ দেখা যায়। রাত ২টা ৫৮ মিনিটে সে বাবার কাছে লাইভ লোকেশন পাঠায়।

মরদেহ উদ্ধারের পর তাজমিনের বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লালমাই থানায় হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সুমনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।