,

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল তিনজনের

ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকায় কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অটোরিকশার চালক রয়েছেন। নিহতরা হলেন—আখি বেগম (৩০), মো. জাকারিয়া (১২) ও অটোরিকশাচালক জুয়েল।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন সড়কে একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন। তাঁদের পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

নিহত আখি বেগমের বাবা আবুল হোসেনও এ ঘটনায় আহত হয়েছেন। তিনি জানান, তাঁর মেয়ের জামাই সেলিম আহমেদসহ একই পরিবারের পাঁচজন অটোরিকশায় করে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি ও তাঁর জামাই বেঁচে গেলেও আখি বেগম, জাকারিয়া ও অটোরিকশাচালক জুয়েলের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আখি বেগমের সন্তান হচ্ছিল না। এ কারণে স্বামী সেলিম আহমেদ, বাবা আবুল হোসেন ও ভাগ্নে জাকারিয়াসহ তাঁরা পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, নিহতদের মরদেহ হাসপাতালেই রয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. রোকনুজ্জামান জানান, গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য স্থানীয়দের ভিড় তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যানটি শনাক্তের উদ্যোগ নেয়। সংঘর্ষের কারণ ও পিকআপভ্যানটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।