জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ৯:৫৫ পিএম

ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সাধারণ বা ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্র্যান্ড কিংবা থার্ডপার্টি প্রতিষ্ঠানের ইমেইল ঠিকানা ব্যবহার করে বার্তা পাঠানোর বহুল ব্যবহৃত ‘সেন্ড অ্যাজ’ (Send As) সুবিধাটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে ইয়াহু, মাইক্রোসফটের আউটলুক কিংবা পুরোনো হটমেইলের মতো অন্যান্য জনপ্রিয় ইমেইল সেবার আইডি সাধারণ জিমেইলে যুক্ত করে আর সরাসরি কোনো ইমেইল পাঠানো যাবে না। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ডোমেইনের অধীনে থাকা ব্যবসায়িক বা ব্যক্তিগত ইমেইল ঠিকানাও ফ্রি জিমেইল অ্যাকাউন্টে যুক্ত করে বার্তা পাঠানোর সুযোগ আর থাকছে না। আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে চালু থাকা এই ব্যবস্থার কারণে ব্যবহারকারীরা শুধু একটি জিমেইল অ্যাকাউন্টে লগইন করেই একাধিক ভিন্ন ইমেইল ঠিকানায় আসা বার্তা পরিচালনা করতে পারতেন। ফলে কাজের সুবিধার্থে বারবার আলাদা ওয়েবসাইটে যাওয়া কিংবা ভিন্ন অ্যাপে লগইন করার ঝামেলা পোহাতে হতো না। বিশেষ করে যেসব পেশাজীবী বা ক্ষুদ্র উদ্যোক্তা নিজস্ব ডোমেইন বা পুরোনো বিভিন্ন ইমেইল সচল রেখেছেন, তাদের দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা অত্যন্ত সহায়ক ছিল। তবে গুগল নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়ম কেবল বিনামূল্যে ব্যবহূত সাধারণ জিমেইল গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে। গুগলের প্রিমিয়াম বা পেইড সার্ভিস ‘ওয়ার্কস্পেস’ (Workspace) ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি, একটি জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে অন্য কোনো জিমেইল আইডি ‘অ্যালিয়াস’ (Alias) হিসেবে যুক্ত থাকলে সেটিও আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করবে।
শুধুমাত্র ‘সেন্ড অ্যাজ’ সুবিধাই নয়, গুগল তাদের প্ল্যাটফর্মে আরও কিছু বহুল ব্যবহৃত সুবিধা গুটিয়ে নিচ্ছে। এই তালিকায় যুক্ত রয়েছে ‘জিমেইলিফাই’ (Gmailify) এবং ওয়েব সংস্করণের জন্য ব্যবহৃত ‘পিওপি’ (POP) সার্ভিস। জিমেইলিফাই সুবিধার বদৌলতে অন্য যেকোনো থার্ডপার্টি ইমেইল অ্যাকাউন্টেও জিমেইলের শক্তিশালী স্প্যাম প্রতিরোধী ব্যবস্থা, স্বয়ংক্রিয় ফোল্ডার সাজানো এবং আধুনিক ইনবক্স ব্যবস্থাপনার ফিচারগুলো বিনামূল্যে ব্যবহার করা যেত। আর পিওপি প্রোটোকলের সাহায্যে অন্য প্ল্যাটফর্মে আসা নতুন সব বার্তা সরাসরি জিমেইল ইনবক্সে নিয়ে এসে পড়ার দারুণ সুবিধা ছিল। নতুন নীতিমালার কারণে এসব সেবায় নতুন করে নিবন্ধন নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমানে যেসব ব্যবহারকারীর অ্যাকাউন্টে জিমেইলিফাই বা পিওপি সক্রিয় রয়েছে, তারা সর্বোচ্চ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এগুলো ব্যবহার করার সাময়িক সুযোগ পাবেন।
ইতোমধ্যে গুগল তাদের এই নীতিগত পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করতে শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে। তবে নতুন এই বিধিনিষেধের কারণে ব্যবহারকারীদের আগের কোনো সংরক্ষিত ডেটা বা পুরোনো ইমেইল মুছে যাবে না। জিমেইল ইনবক্সে জমা থাকা আগের সব বার্তা নিরাপদে রক্ষিত থাকবে। তাছাড়া অ্যান্ড্রয়েড, আইফোন কিংবা আইপ্যাডের জিমেইল অ্যাপে অন্য কোম্পানির ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করে আগত নতুন ইমেইলগুলো শুধু পড়ার সুযোগটি বজায় থাকবে। মূল বাধাটি আসবে বার্তা পাঠানোর ক্ষেত্রে; অ্যাপ বা ওয়েব সংস্করণ থেকে উত্তর দেওয়ার সময় থার্ডপার্টি ইমেইল পরিচয় ব্যবহার করে আর কোনো ফিরতি বার্তা পাঠানো যাবে না।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্যের গোপনীয়তা রক্ষা করতেই গুগল এমন কঠোর নীতি গ্রহণ করছে। সাধারণত সেন্ড অ্যাজ সুবিধা ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে থার্ডপার্টি অ্যাপ বা সেবাকে ইমেলের পূর্ণ প্রবেশাধিকার এবং পাসওয়ার্ডের অনুমতি দিতে হয়। এটি অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে এবং হ্যাকিংয়ের সুযোগ বাড়িয়ে দেয়। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল পরামর্শ দিয়েছে, তারা যেন নিজেদের ডেটা সুরক্ষার স্বার্থে সরাসরি সংশ্লিষ্ট ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে বার্তা আদান-প্রদানের কাজটি সারেন।
মন্তব্য