,

খোকসায় পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার, মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু ও আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার অভিযোগে স্থানীয় এক মাদ্রাসাছাত্রকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বিকেলে খোকসার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্তদের বসতবাড়ি পাশাপাশি। ঘটনার সময় শিশুটির মা-বাবা পাশের একটি বিলে পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি তখন দাদা-দাদির কাছে ছিল। কিছুক্ষণ পর সে উঠান পেরিয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের কাঁচা রাস্তায় খেলাধুলা করতে যায়।

অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী গ্রাম পুলিশ এরশাদ আলীর ছেলে ও স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সৈকত আলী খেলার স্থান থেকে শিশুটিকে ডেকে নেয়। মা-বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে সে ফুসলিয়ে শিশুটিকে পাশের একটি নিভৃত ছন খড়ের খেতের ভেতর নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এরপর বিষয়টি চেপে যাওয়ার জন্য চিপস ও লজেন্স কিনে দেওয়ার প্রলোভন দেখায় সৈকত।

নির্যাতনের শিকার শিশুটি কান্নাকাটি করতে করতে বিলে গিয়ে মা-বাবার কাছে নিজের ওপর ঘটে যাওয়া নৃশংসতার কথা জানায়। অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

শিশুটির দাদি রাহেলা খাতুন জানান, রাস্তা থেকে তাঁর নাতনিকে মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায় চৌকিদারের ছেলে সৈকত। তারপর ফাঁকা খেতের ভেতর নিয়ে তার ওপর চরম নির্যাতন চালায়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত সৈকত গা-ঢাকা দিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নানাবাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে অভিযুক্তের বাবা গ্রাম পুলিশ এরশাদ নিজেই পাংশা থেকে ছেলেকে ধরে এনে খোকসা থানা-পুলিশের হাতে সোপর্দ করেন। ছেলের অপরাধের সত্যতা স্বীকার করে তিনি জানান, জানার পরই তিনি ছেলেকে তাড়া করেছিলেন এবং পরে নানাবাড়ি থেকে উদ্ধার করে আইনের হাতে তুলে দেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নাসির জানান, ঘটনার খবর পেয়ে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং খোকসা থানার পুলিশ কর্মকর্তা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির জানান, অভিযুক্তকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। ঘটনা তদন্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।