জি- লাইভ ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ৫:৪৪ পিএম

আইপিএলের পরবর্তী মৌসুম সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে তৈরি হওয়া দলবদলের জল্পনা আপাতত উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই সুপার কিংসসহ একাধিক দলের সঙ্গে হার্দিককে নিয়ে সম্ভাব্য ট্রেডের আলোচনা চলছে—এমন খবর ছড়িয়ে পড়লেও মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকে ট্রেড করা বা খেলোয়াড় অদলবদল নিয়ে অন্য কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক কর্মকর্তা জানান, ফ্র্যাঞ্চাইজিটি বর্তমানে মৌসুম-পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দলের সামগ্রিক পারফরম্যান্স, খেলোয়াড়দের কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই পরবর্তী মৌসুমের দল সাজানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, এখন পর্যন্ত কোনো ট্রেড বা খেলোয়াড় বিনিময় নিয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা হয়নি। ফলে হার্দিককে ছেড়ে দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে আপাতত ভিত্তিহীন বলেই ধরে নেওয়া হচ্ছে।
তবে ক্রিকেট মহলে হার্দিককে ঘিরে আলোচনা থামেনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেন্নাই সুপার কিংসের পাশাপাশি আরও কয়েকটি দল এই ভারতীয় অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী হতে পারে। এমনকি হার্দিকের বদলে মুম্বাই ইন্ডিয়ান্স কোন খেলোয়াড়কে নিতে পারে, তা নিয়েও নানা সম্ভাব্য সমীকরণ সামনে এসেছে। কিন্তু এসব আলোচনার কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের নামও বিভিন্ন সময়ে সম্ভাব্য আগ্রহী দল হিসেবে আলোচনায় এসেছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্য কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তাই হার্দিকের দলবদলের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
হার্দিককে ঘিরে জল্পনার পেছনে মুম্বাই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তাকে ঘিরে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমে মুম্বাইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক এবং দলটি পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে আসর শেষ করে।
পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি। সর্বশেষ আসরেও দলের পারফরম্যান্স ছিল আরও হতাশাজনক। ১৪ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে ১০ দলের আসরে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে মুম্বাই।
দলের ফলাফলের পাশাপাশি হার্দিকের নেতৃত্ব নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। ড্রেসিংরুমের পরিবেশ, সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক এবং চোটজনিত সমস্যাও আলোচনায় এসেছে। এসব বিষয় মিলিয়েই মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ বক্তব্যে আপাতত সেই গুঞ্জনে কিছুটা হলেও লাগাম পড়েছে। ফ্র্যাঞ্চাইজিটির ভাষ্য অনুযায়ী, হার্দিককে ট্রেড করার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং অন্য কোনো দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়নি।
আইপিএলের মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোতে পরিস্থিতি বদলাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। ক্রিকেটে দলবদলের হিসাব শেষ মুহূর্তে বদলে যাওয়া নতুন কিছু নয়। তাই আপাতত হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের পরিকল্পনার বাইরে চলে গেছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
মন্তব্য