খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই জুলাই ২০২৬, ৪:৩৬ পিএম

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে এক রাজনৈতিক নেত্রী এবং তার সহযোগীকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া নারীর নাম রাশু বেগম (৪০)। তিনি ফটিকছড়ি উত্তর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন এবং এলাকার এক প্রবাসী ব্যক্তির স্ত্রী। তার সঙ্গে আটক অন্য ব্যক্তির নাম মো. হাসেম (৪৫)। তিনি একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার মধ্যরাতে মো. হাসেম গোপনে রাশু বেগমের বসতবাড়িতে প্রবেশ করেন। বিষয়টি আশপাশের বাসিন্দাদের নজরে এলে তারা সেখানে জড়ো হন। এরপর অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুজনকে ঘর থেকেই আটক করে এলাকার উৎসুক জনতা। তাৎক্ষণিকভাবে ভূজপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম সামাজিক পরিবেশে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন।
অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল মুন্সি জানান, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার গুঞ্জন চলছিল। ইতিপূর্বে তাকে একাধিকবার সতর্ক ও নিবৃত্ত করার চেষ্টা করা সত্ত্বেও তিনি সেসব কথা কানে তোলেননি। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে তাদেরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয় বাসিন্দারা দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ভূজপুর থানা পুলিশ নিয়মানুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উভয়কে আদালতে প্রেরণ করে।
মন্তব্য