মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ পুলিশের কোনো সদস্যকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত আইজিস ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধারকারী ইউনিটগুলোর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ এবং জাতির ভবিষ্যতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের ভেতরে কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
বাংলাদেশ পুলিশকে একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, যেসব সদস্য সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার ও ব্যাজ প্রদান করা হচ্ছে। একই সঙ্গে তিনি সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পর্যন্ত মোট ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিস ব্যাজ পরিয়ে দেন আইজিপি।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। একইভাবে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখা ইউনিটগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কারপ্রাপ্ত ইউনিট
| গ্রুপ | প্রথম | দ্বিতীয় | তৃতীয় |
|---|---|---|---|
| ক | চট্টগ্রাম জেলা পুলিশ | চট্টগ্রাম মহানগর পুলিশ | কুমিল্লা জেলা পুলিশ |
| খ | কক্সবাজার জেলা পুলিশ | কুষ্টিয়া জেলা পুলিশ | খুলনা মহানগর পুলিশ |
| গ | রাজবাড়ী জেলা পুলিশ | মাগুরা জেলা পুলিশ | আর্মড পুলিশ ব্যাটালিয়ন |
| ঘ | র্যাব-১১ (নারায়ণগঞ্জ) | র্যাব-১৫ (কক্সবাজার) | র্যাব-২ (ঢাকা) |
| ঙ | ডিএমপির গোয়েন্দা বিভাগ | তেজগাঁও বিভাগ | মিরপুর বিভাগ |
মাদক উদ্ধার অভিযানে পুরস্কারপ্রাপ্ত ইউনিট
| গ্রুপ | প্রথম | দ্বিতীয় | তৃতীয় |
|---|---|---|---|
| ক | ময়মনসিংহ জেলা পুলিশ | কুমিল্লা জেলা পুলিশ | চট্টগ্রাম জেলা পুলিশ |
| খ | ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ | কক্সবাজার জেলা পুলিশ | হবিগঞ্জ জেলা পুলিশ |
| গ | লালমনিরহাট জেলা পুলিশ | শেরপুর জেলা পুলিশ | গাজীপুর জেলা পুলিশ |
| ঘ | র্যাব-১৫ (কক্সবাজার) | র্যাব-৯ (সিলেট) | র্যাব-১১ (নারায়ণগঞ্জ) |
| ঙ | ডিএমপির ওয়ারী বিভাগ | তেজগাঁও বিভাগ | মতিঝিল বিভাগ |
| চ | হাইওয়ে পুলিশ | রেলওয়ে পুলিশ | আর্মড পুলিশ ব্যাটালিয়ন |
এ ছাড়া শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে আট মহানগরের পুলিশ দল। দ্বিতীয় স্থান লাভ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
এই আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জনকারী ইউনিট ও সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে বাহিনীর সদস্যদের পেশাগত উৎকর্ষ ও দায়িত্বশীলতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
