আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সকে ভিন্ন পথে রাখল ফিফা

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুইবারের শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স যেন গ্রুপ পর্বের শুরুতেই একে অপরের বিপক্ষে না পড়ে—এমন পরিকল্পনায় সাজানো হয়েছে বিশ্বকাপের ড্র। ফলে তিন দল গ্রুপ পর্ব পার করলেও সেমিফাইনালের আগে তাদের দেখা হবে না।

ফিফা জানায়, র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—কে চারটি আলাদা পথে রাখা হবে, যাতে সেমিফাইনাল বা ফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়।

তিন বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও যদি দুই দলের ফাইনাল হয়, তার জন্য অপেক্ষা করতে হবে সেমিফাইনালের পর।

ড্রয়ের নিয়ম অনুযায়ী পট ওয়ানের দল বাছাইয়ের পর পট ২, ৩ ও ৪ থেকে লটারি করে দলগুলোকে এ থেকে এল গ্রুপে ভাগ করা হবে। একই ফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না, তবে উয়েফার ১৬ দল থাকায় কিছু গ্রুপে দুটি ইউরোপীয় দল দেখা যাবে।

৪৮ দলের নাম ভাঁজ করা কাগজে বলের মধ্যে রাখা হবে এবং ক্রমানুসারে চার পটে ভাগ করা হবে। গ্রুপ নির্ধারণে ১২টি গ্রুপের পট থাকবে, যেখানে প্রতিটি গ্রুপের চারটি স্থান (১-৪ নম্বর) লেখা কাগজ থাকবে।

আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আগেই তাদের গ্রুপ জেনে গেছে। বাকি দলগুলো পট অনুযায়ী সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল গ্রুপে স্থান পাবে।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আজ ওয়াশিংটনের জন এফ. কেনেডি সেন্টারে হবে গ্রুপ ড্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১২টায়, বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। ড্রয়ের পরদিন শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশ করা হবে পুরো সূচি। অনুষ্ঠানটি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

জিলাইভ২৪/এসএস