রাজশাহী মহানগর এনসিপির জেলা কমিটি বাতিলের দাবিতে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী তরুণেরা গতকাল রাতে কয়েকজন নেতাকে কার্যালয়ে আটকে রেখে ফটকে তালা দেন। রাত ৯টার দিকে গণকপাড়া এলাকার কার্যালয়ের সামনে তারা মিছিল নিয়ে এসে তালা লাগিয়ে দেন। প্রায় দুই ঘণ্টা পর কর্মীরা তালা ভেঙে নেতাদের বের করে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে তরুণেরা কার্যালয়ে ঢুকে উত্তেজিত স্লোগান দিতে থাকেন—‘এই বাইরন, বাইরন’, ‘আজ থেকে এনসিপির সব কার্যক্রম বন্ধ’, ‘রাজশাহীতে এনসিপি অবাঞ্ছিত’। পাশাপাশি ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওামী লীগের দালাল হুঁশিয়ার’, ‘দালালি না আজাদি’, ‘আপস না সংগ্রাম’–সহ নানা স্লোগান দেন।
আহ্বায়ক মোবাশ্বের আলী তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা ২০ মিনিটের মধ্যে কার্যালয় ছাড়ার সময় বেঁধে দেন। পরে রাত ৯টার দিকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। তবে রাত ১১টার দিকে দলের কর্মীরা তালা কেটে আট নেতাকে বের করেন।
কার্যালয়ের ফটকে তারা লিখে যান, ‘আওামী লীগ বয়কট, দালাল বয়কট, বয়কট পুনর্বাসনকারী, বয়কট এনসিপি’।
মোবাশ্বের আলী জানান, সদস্যসচিবসহ আটজন ভেতরে আটকে ছিলেন। তিনি বলেন, ‘ওই তরুণেরা জুলাই আন্দোলনের কর্মী। জেলা কমিটি তাঁদের পছন্দ হয়নি। তাদের আপত্তি যৌক্তিক হলেও এই কমিটি কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে। কেন্দ্র দ্রুত সিদ্ধান্ত নিক।’
জেলা কমিটিতে আরও পাঁচজনের পদত্যাগ
রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কমিটির আরও পাঁচ সদস্য গতকাল পদত্যাগ করেছেন। তাঁরা কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে পদত্যাগপত্র কেন্দ্রীয় দপ্তরে পাঠান। এ নিয়ে ১১ জন পদত্যাগ করলেন।
পদত্যাগকারী নতুন পাঁচ নেতা হলেন—আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও নঈম ফকির। তাঁরা ২৯ নভেম্বর ঘোষিত জেলা কমিটিতে সদস্য হন।
পদত্যাগপত্রে তাঁরা লেখেন, ‘আমরা জুলাই আন্দোলনে সামনের সারির যোদ্ধা ছিলাম। অথচ স্বৈরাচারের দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত কমিটি বাতিলের দাবি করছি।’
২৯ নভেম্বর রাতে ঘোষণা হওয়া ১১৪ সদস্যের জেলা কমিটিতে সাইফুল ইসলাম আহ্বায়ক ও রনিউর রহমান সদস্যসচিব হন। পরদিন যুগ্ম সদস্যসচিব জিহান মোবারক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
অভিযোগ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘আমার যদি সাংগঠনিক কোনো পদ থাকত, তাহলেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বলা যেত। আমার কোনো পদ ছিল না।’
জিলাইভ২৪/এসএস
