আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ স্পর্শের পর মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি এবং মুনাফা সংরক্ষণের চাপ স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া সপ্তাহজুড়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য বিনিয়োগকারীদের সতর্ক করেছে, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতির দিকনির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২১৮.৭১ ডলারে নেমেছে। ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ২৫০.৭০ ডলারে অবস্থান করছে। একই সময়ে মার্কিন ১০-বছর ট্রেজারি বন্ডের ফলন দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি থাকায় বিনিয়োগকারীদের স্বর্ণে আগ্রহ কিছুটা কমেছে।

কে সি এম ট্রিডের চিফ মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারার বলেন, ‘স্বর্ণের আজকের পারফরম্যান্স কিছুটা দুর্বল হলেও মৌলিক চিত্র অপরিবর্তিত রয়েছে। মার্কিন সুদের হার হ্রাস প্রত্যাশা ভবিষ্যতে স্বর্ণের জন্য সহায়ক হতে পারে।’ তিনি আরও উল্লেখ করেন, বাজার এখন সতর্ক, কারণ ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কাছ থেকে শিথিল মন্তব্যের সম্ভাবনা কম।

এই সপ্তাহে নজর থাকবে বুধবারের নভেম্বর এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবারের বিলম্বিত সেপ্টেম্বর পিসিই তথ্য। সি এম ই’র ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার অংশীজনরা ডিসেম্বরেই সুদের হার কমানোর সম্ভাবনা ৮৮ শতাংশ হিসেবে দেখছেন।

এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, সোমবার তাদের স্বর্ণ মজুদ ০.৪৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫০.০১ মেট্রিক টনে পৌঁছেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও কমেছে। রুপার দাম ১.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.২৪ ডলার, প্ল্যাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৬৪৩.১০ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে ১ হাজার ৪১৯.৫০ ডলারে নেমেছে।

দেশের বাজারেও সোমবার (১ ডিসেম্বর) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হবে।

সূত্র: রয়টার্স

জিলাইভ২৪/এসএস