মালয়েশিয়ায় ১৬ বছরের নির্যাতনের শিকার ইন্দোনেশীয় গৃহকর্মী উদ্ধার

মালয়েশিয়ার সেলাঙ্গরের বাতু কেভস এলাকায় প্রায় ১৬ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ অতর্কিত পরিস্থিতিতে দিন কাটানো এক ইন্দোনেশীয় গৃহকর্মী অবশেষে উদ্ধার হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগ বিশেষ অভিযানের মাধ্যমে তাকে একটি বাড়ি থেকে উদ্ধার করে।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ৫৬ বছর বয়সী ওই নারীকে খোঁজার সময় দেখা যায়, তিনি নিয়োগকর্তার নির্দেশে একটি গাড়ির নিচে লুকিয়ে ছিলেন। দীর্ঘদিনের ভয় ও চাপের কারণে তিনি এমন অবস্থায় ছিলেন।

তিনি প্রায় ১৬ বছর ধরে বৈধ নথি ছাড়াই গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। প্রতি মাসে ৬০০ রিঙ্গিত বেতন পাওয়ার কথা থাকলেও গত দুই বছরে কোনো টাকা পাননি। নিয়মিত বকাঝকা, শারীরিক নির্যাতন ও আর্থিক শোষণ তার নিত্যদিনের অংশ ছিল।

নারীর ব্যক্তিগত স্বাধীনতা ছিল শূন্য; নিজের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি ছিল না, মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং পরিবারের সঙ্গে যোগাযোগও বন্ধ ছিল। বিশ্রাম বা ঘুম মিলত শুধু যখন কেউ খেয়াল করত না।

অভিযান শেষে ৫১ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি স্বীকার করেছেন, ওই নারী তার এক আত্মীয়ের মাধ্যমে তাদের বাসায় কাজ করতেন।

ঘটনাটি বর্তমানে ATIPSOM Act 670–এর আওতায় তদন্তাধীন। অভিযানে ইমিগ্রেশনের ATIPSOM প্রতিরোধ বিভাগ ও অর্থপাচারবিরোধী তদন্ত ইউনিট অংশ নিয়েছে। মানবপাচারের শিকার চিহ্নিত করতে ‘ন্যাশনাল গাইডলাইন অন হিউম্যান ট্রাফিকিং ইনডিকেটরস ২.০’ ব্যবহার করা হয়েছে।

জাকারিয়া জানিয়েছেন, মানবপাচারের যে কোনো তথ্য গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ০৩-৮৮৮০১৪৭১ নম্বরে বা urusetia_p@imi.gov.my মাধ্যমে তথ্য দিতে।

জিলাইভ/টিএসএন