ঢাকায় শীতের তীব্রতা বাড়ছে

প্রকৃতিতে শীতের হাওয়া বইছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

এর আগে বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৮ শতাংশ। মঙ্গলবার সকালেও তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৪ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিমি বেগে প্রবাহিত হতে পারে। দেশের জন্য সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

এদিকে জেলা শহরগুলো কুয়াশায় ঢেকে যাচ্ছে। ঘাসের ডগায় শিশির জমেছে। সন্ধ্যার সঙ্গে শীতের প্রভাব বাড়ছে, ফলে শীতের পোশাকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বেড়ে গেছে।

শীতকে ঘিরে পিঠা-পুলির উৎসবও শুরু হয়েছে। বিকেলে হাট-বাজারে দোকানিরা গরম পিঠা সাজিয়ে বসেন। ফুটপাতের দোকানে গরম পিঠার ধোঁয়া ও স্বাদ উপভোগ করতে ভিড় করছেন ভোজনরসিকরা।

জিলাইভ/টিএসএন