নব্বইয়ের দশকের প্রিয় নায়ক সালমান শাহ। একই সময়ে সিনেমার পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন আরেক উজ্জ্বল নক্ষত্র শাকিল খান। সম্প্রতি সেই সময়ের স্মৃতি ভাঙা ঘটনাগুলো নিয়ে শাকিল খান বলেন, “সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষরাই দায়ী।”
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড ২০২৫’-এ বিশেষ সম্মাননা পান শাকিল খান। অনুষ্ঠান শেষে মিলনায়তনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই বক্তব্য দেন।
শাকিল খান চলচ্চিত্রের অতীত ও বর্তমান প্রসঙ্গে বলেন, “সিনেমা থেকে দীর্ঘদিন দূরে থাকা সত্ত্বেও আমি নিজেকে এখনো ‘ফিল্মম্যান’ বলেই মনে করি। সিনেমার কারণেই মানুষ আজও আমাকে মনে রেখেছে। আমি এখনো এই মাধ্যমকে ভালোবাসি। আমি কখনও বলিনি, আমি আর সিনেমা করব না। তবে সেটা অবশ্যই সুস্থ ধারায় হতে হবে। বর্তমানে ভালো সিনেমা হচ্ছে, কিন্তু এক প্রযোজকের ধারাবাহিক আগ্রহ আগের মতো আর দেখা যায় না।”
নব্বই দশকে তিনি জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমার নায়ক ছিলেন, তবে ‘সুপারস্টার’ খেতাব পাননি। এ প্রসঙ্গে শাকিল খান বলেন, “এখন দুটি সিনেমা করলেই অভিনেতারা সুপারস্টার হয়ে যাচ্ছেন। আমরা তখন একের পর এক হিট সিনেমা দিয়েও সেই অভিধা পাইনি। ১৯৯৬ সালে ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমাটি ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছিল এবং ব্যবসাসফলও হয়েছিল, তবু আমরা সুপারস্টার হতে পারিনি। দর্শকদের ভালোবাসা পেয়েছি, কিন্তু খেতাব হয়নি। এখন একেবারে আলাদা দৃশ্য। এটা আপনারাই তৈরি করেছেন।”
শাকিল খানের কথায় স্পষ্ট, “সিনেমা ভালো চলছে, কিন্তু শিল্পের ভেতরের সমর্থন এবং ধারাবাহিক আগ্রহ এখন আগের মতো নেই। তবু আমি এখনও এই পেশার প্রতি ভালোবাসা ধরে রেখেছি।”
