ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ২৩ নভেম্বরের জন্য নির্ধারিত ছিল। মেহেদি, হলুদ ও অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও হঠাৎ করেই বিয়ে বাতিল হয়ে যায়। প্রথমে বিষয়টি স্মৃতির বাবার অসুস্থতার সঙ্গে যুক্ত করা হলেও পরবর্তীতে নানা গুজব ছড়িয়ে পড়ে।
শেষপর্যন্ত স্মৃতি নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা দেন, তার বিয়ে পলাশের সঙ্গে বাতিল হয়েছে। অন্যদিকে পলাশ নিজের স্টোরিতে জানিয়েছেন, তিনি অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান। তিনি বিয়ে ভাঙার বিষয় সরাসরি উল্লেখ না করলেও ভিত্তিহীন গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।
পলাশ লিখেছেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভিত্তিহীন গুজব দেখে মানুষ যে দ্রুত প্রতিক্রিয়া দেয় তা ভয়ঙ্কর। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও অপমানজনক তথ্য ছড়িয়েছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’
বিয়ে বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। পলাশ তা গুজব হিসেবে বর্ণনা করেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যারি ডি’কোস্তা নামে এক নারী অভিযোগ করেছিলেন, পলাশ তাকে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং স্মৃতির সঙ্গে সময় না দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর দুই পক্ষই বিয়ে ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পলাশ স্পষ্টভাবে গুজব ছড়ানোদের সতর্ক করেছেন এবং বলেছেন, যে কেউ মিথ্যা তথ্য ছড়াবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এজে