খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই মার্চ ২০২৫, ৪:৩২ পিএম

সিরিয়ার লাতাকিয়া, তারতুস, ও হোমস প্রদেশে নতুন সরকারের নিরাপত্তা বাহিনী এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩০ জনে পৌঁছেছে। ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে তাস এ খবর জানিয়েছে।
নিহতদের অধিকাংশই আলাউইত সম্প্রদায়ের সদস্য, যারা সিরিয়ার জনসংখ্যার ১২ শতাংশ।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী উপকূলীয় অঞ্চলে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে পাহাড়ি এলাকায় তাড়া করছে। ৬ মার্চ থেকে চলমান এই অভিযানে ২৫০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে, আর সরকারি বাহিনীর ২৩১ সেনা নিহত হয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই সংঘর্ষ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানায়, উপকূলীয় গভর্নরেটগুলোতে সহিংসতার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ, সরকারি প্রতিষ্ঠানে হামলা, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণসহ নানা বিষয় তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য