কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কুড়িগ্রাম জেলা শহরের ট্রেনের যাত্রী হাসিবুর বলেন, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট কেটেছি। কিন্তু আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন এত সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরব টেনশনে আজ রাতে ঘুমে হবে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।