সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদ পূরণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) কিংবা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড–১৩ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন ও সংশ্লিষ্ট ভাতা পাবেন।

এই পদে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩২ বছর। ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বয়স হিসাব করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিট থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন ফি হিসেবে টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা পরিশোধ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা চাইলে স্বামীর স্থায়ী ঠিকানা অথবা পিতার স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে পারবেন। এ নিয়োগ উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক হবে এবং নির্বাচিত প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বিদ্যালয়েই চাকরি করতে হবে।

এ ছাড়া যেসব প্রার্থীর ধূমপান বা মাদক সেবনের অভ্যাস রয়েছে, তারা এ পদে আবেদন করতে পারবেন না। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া সনদপত্র ও ছবিতে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল থাকতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

টিএসএন