সরকার গদির লোভে মানুষের কথা ভুলে গেছে: জি এম কাদের।জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার ‘ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
সরকার গদির লোভে মানুষের কথা ভুলে গেছে: জি এম কাদের
তিনি বলেন, কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। তাই সম্প্রতি ডিম, পিয়াঁজ ও আলুর দাম নির্ধারণ করে দেয়। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা। বাজার মনিটরিং বলতে কিছুই নেই। কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুদদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি?
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ। দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেনো মুর্তিমান আতংক। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম নির্মূল করে নিত্য পণ্যের মূল্য সহনীয় মাত্রায় রাখতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।