শাহাব উদ্দিন (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। দশম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
Table of Contents
শাহাব উদ্দিন । বাংলাদেশি রাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন
শাহাব ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখার পাখিয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আব্দুর রহিম ও মাতা আনোয়ারা বেগম। তিনি মুরারিচাঁদ কলেজ থেকে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক জীবন
শাহাব ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারেরমত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ থেকে নির্বাচন করে বিজয়ী হন। সপ্তম জাতীয় সংসদে তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে পরাজতি হন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নবম সংসদে ভূমি মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে এবং একইসাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জাতীয় সংসদের বিশেষ অধিকার কমিটি, বাংলাদেশ এ্যাসোসিয়েশন্স অব পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভলপমেন্ট (বিএপিপিডি), নিরাপদ মাতৃত্ব ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সাব-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পান।

ব্যক্তিগত জীবন
শাহাব ব্যক্তিগত জীবনে বেগম শিরিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
আরও দেখুনঃ