জিলাইভ [ GLive ] | truth alone triumphs

রামিসা হত্যা ও বিচার নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’

শিশুকন্যা রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষকে। সেই ভয়াবহ বেদনা, ক্ষোভ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে তৈরি হয়েছে প্রতিবাদী গান ‘রামিসাদের বিচার’। গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মাহবুবুল খালিদ। গানে অতীতে ঘটে যাওয়া তনু, নুসরাত ও আছিয়া হত্যার মতো বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার পাওয়ার অপেক্ষাকে তুলে ধরা হয়েছে। ১৫ আগস্ট শনিবার “খালিদ সংগীত” নামের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গানটি মুক্তি দেওয়া হয়।

গানটিতে সুর মেলানোর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মাহবুবুল খালিদ নিজে। তার সঙ্গে মূল কণ্ঠে গায়েছেন বিশিষ্ট শিল্পী টুটুল, ‘সারেগামাপা’ খ্যাত অবন্তি সিঁথি এবং ‘সেরাকণ্ঠ’ গায়ক রাফসান। গানের আবহ তৈরিতে কোরাসে কণ্ঠ দিয়েছেন সংগীতা, নিতু, সুরভী রোমান ও রুশো। গানটির মিউজিক ভিডিও তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সাইফুর রহমান সুজনের পরিচালনায় তৈরি এই ভিডিও চিত্রে অংশ নিয়েছেন মাহবুবুল খালিদ, রাফসান, টুটুল, ইনাইনা ও ইচ্ছা।

নতুন এই সৃষ্টি নিয়ে কথা বলতে গিয়ে মাহবুবুল খালিদ জানান, নির্যাতিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের প্রতিবাদ করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন। রামিসার ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিলে তিনি তাৎক্ষণিকভাবে গানটি লিখে ফেলেন। পরবর্তীতে সুরারোপের পর মনে হয় একাধিক শিল্পীর উপস্থিতি গানটির আবেদনকে আরও সংবেদনশীল করে তুলবে। এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গানটির গভীর ভাব ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই সৃষ্টি মানুষের বিবেককে স্পর্শ করবে।

সামাজিক অসংগতি ও মানবিক সংকট নিয়ে গান তৈরির ইতিহাস মাহবুবুল খালিদের নতুন নয়। মিরপুরের নির্যাতিত গৃহকর্মী আদুরিকে নিয়ে লেখা ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’ এবং মাগুরার শিশু আছিয়ার ঘটনা নিয়ে লেখা ‘মাগুরার ফুল’ গানগুলো দেশের সংস্কৃতি অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল। এর মধ্যে ‘মাগুরার ফুল’ গানের জন্য তিনি বাইফা অ্যাওয়ার্ড অর্জন করেন। সামাজিক নানা ব্যাধি ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, ধর্মীয় উৎসব, প্রেম, দেশাত্মবোধক ও খেলাধুলাভিত্তিক বিভিন্ন ধারায় তিনি নিয়মিত গান রচনা করে চলেছেন।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর