রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে কোটা–বিরোধী ঐক্যজোটের ডাক দেওয়া ৩৬ ঘণ্টার হরতাল চলছে। হরতাল কর্মসূচি বৃহস্পতিবার ভোর ৬টায় শহরের বনরূপা এলাকায় শুরু হয়, যেখানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। এসময় প্রধান সড়কে গাছ ফেলে প্রতিবাদ জানানোর দৃশ্যও দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কড়াকড়ি অবস্থানে ছিল।
হরতালের কারণে রাঙামাটি–চট্টগ্রাম ও রাঙামাটি–ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছাড়া যায়নি। অভ্যন্তরীণ সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে অফিস ও আদালতে যেতে দেখা গেছে। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল, কোনো হাটবাজার বসেনি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত ১% কোটা মেনে না চলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করে। এ কারণে চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে।
এই কোটা–বৈষম্যের প্রতিবাদে কোটা–বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। হরতালকে সমর্থন জানিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাঙালি সংগঠনও সংহতি প্রকাশ করেছে।
জিলাইভ/টিএসএন
