রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে পাঁচ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও ইউক্রেন যুদ্ধের শান্তিচুক্তিতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ক্রেমলিনের মুখপাত্র জানান, আলোচনা ছিল ফলপ্রসূ, তবে রাশিয়ার জন্য কিছু প্রস্তাব অগ্রহণযোগ্য।
বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাই জ্যারেড কুশনার। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর এই আলোচনা অনুষ্ঠিত হলেও মার্কিন প্রতিনিধিদল মস্কো ছাড়ার সময় কোনো মন্তব্য করেনি।
বৈঠকের আগেই পুতিন বলেন, যুক্তরাষ্ট্র–সমর্থিত শান্তি পরিকল্পনায় কিয়েভ ও ইউরোপের প্রস্তাবিত পরিবর্তন রাশিয়া মানতে প্রস্তুত নয়। তিনি আরও সতর্ক করেন, ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায়, রাশিয়া যেকোনো সময় প্রস্তুত। গত নভেম্বর ফাঁস হওয়া পরিকল্পনাটি রাশিয়ার অনুকূল হিসেবে দেখা হলেও সংশোধিত সংস্করণে পরিবর্তন এসেছে।
বৈঠক শেষে পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানান, পরিকল্পনার কিছু অংশে ক্রেমলিন একমত হলেও কিছু বিষয়ে আপত্তি রয়েছে। তিনি বলেন, এখনো কোনো সমঝোতার খসড়া চূড়ান্ত হয়নি এবং অনেক বিষয় বাকি। ইউক্রেনের ভূখণ্ড নিয়ে বিরোধ এবং ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নই মূল অচলাবস্থা।
আলোচনার আগে পুতিন ইউরোপীয় নেতাদের লক্ষ্য করে বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা যাবে—এমন ধারণা ভুল। যদিও রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না, প্রয়োজন হলে তারা প্রস্তুত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি মার্কিন প্রতিনিধিদলের কাছ থেকে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। তবে উইটকফ ও কুশনার কিয়েভ বা অন্য শহরে আরও আলোচনায় অংশ নেবেন কি না, সেটি অনিশ্চিত।
আইরিশ সফরে থাকা জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, কিন্তু কিছু প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে। তিনি জানান, শান্তিচুক্তির কোনো সহজ পথ নেই এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও ন্যাটো সদস্যপদের দাবি পুনর্ব্যক্ত করেন—যা রাশিয়া এবং ট্রাম্প উভয়েই প্রত্যাখ্যান করেছে। আরও বলেন, যুদ্ধ এমনভাবে শেষ করতে হবে যাতে রাশিয়া ভবিষ্যতে পুনরায় আক্রমণ না করতে পারে।
ইউক্রেনীয় প্রতিনিধিদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনায় উইটকফ, কুশনার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেন। হোয়াইট হাউস জানায়, শান্তি পরিকল্পনা নতুন করে সংশোধিত হয়েছে, তবে বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি।
অন্যদিকে পুতিন পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলো নিয়ে তার দাবি থেকে সরে আসেননি। ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, এই সংঘাত সমাধান করা সহজ কাজ নয়।
সূত্র : বিবিসি
টিএসএন
