যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ঢাকা, ৩ মার্চ ২০২৫ (বাসস) – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। রোববার যুক্তরাজ্যের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

 

লন্ডন থেকে প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের পর গভীর রাতে ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকলে টেবিলে থাকা চুক্তিটি স্বাক্ষরিত হবে।’

এই চুক্তিটি মূলত ইউক্রেনের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। গত শুক্রবারই এটি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। তবে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে আলোচনা স্থগিত হয়ে যায়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে মার্কিন সহায়তার জন্য আরও ‘কৃতজ্ঞ’ হতে বলেন। এক পর্যায়ে ট্রাম্প স্পষ্টভাবে জানান, ‘হয় চুক্তিতে সই করুন, নয়তো আমরা সমর্থন প্রত্যাহার করব।’ উত্তপ্ত পরিবেশের কারণে পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে আলোচনার পথ খোলা রয়েছে।

এদিকে, রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আয়োজনে ইউক্রেন ইস্যুতে এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ফ্রান্স ও যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।