মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ওইদিন বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন
রোববার (২০ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের তারিখ জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন করা হবে, এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে।
আর ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪০টি সেতু উদ্বোধন করবেন। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। তারসঙ্গে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে। সড়ক ভবনে থেকে এগুলো ভার্চুয়ালি উদ্বোধন করা হবে।

আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ উপলক্ষে বাণিজ্যমেলার পুরাতন মাঠে সুধী সমাবেশ করা হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।