মিয়ানমারের জান্তা সরকারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৭ আগস্ট) এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত মিন্ট সোয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। যদিও এক বছর আগে থেকেই শারীরিক অসুস্থতার কারণে তিনি কার্যত ছুটিতে ছিলেন। অবশেষে ২০২৪ সালের জুলাই মাসে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে।
মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে মিন্ট সোয়েকে মূলত একটি আনুষ্ঠানিক পদধারী এবং জান্তা অনুগত নেতা হিসেবে বিবেচনা করা হতো।
তবে তিনি শুধু আনুষ্ঠানিক নন, সামরিক অভ্যুত্থানে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার নোটিশে বলা হয়, তিনি ছিলেন মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে অগ্রণী ভূমিকা পালনকারীদের অন্যতম।
মিন্ট সোয়ের মৃত্যু এমন এক সময় এলো, যখন দেশটি এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অস্থির ও সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
