মশার উৎস খুঁজতে উত্তর সিটির ড্রোন অভিযান। এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না বা জমে থাকা পানিতে মশার প্রজনন আছে কি না তা সার্ভে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসাবাড়িগুলো সার্ভে করা হবে বলে জানান তিনি।

মশার উৎস খুঁজতে উত্তর সিটির ড্রোন অভিযান
বুধবার (৫ জুলাই) সকাল ১১টায় মোহাম্মদপুরে ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে ‘কার্যক্রম শুরুর সময় এ কথা জানান প্রধান নিবার্হী কর্মকর্তা। এ সময় তিনি বলেন, শহরে একটি বাড়ির ছাদের সঙ্গে আরেকটি ছাদ লেগে আছে। সার্ভে করার জন্য প্রত্যেক ছাদে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়। এখন এক জায়গায় দাঁড়িয়ে একটি ড্রোনের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার এলাকার ছাদ সার্ভে করা যায়। এভাবে পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের প্রত্যেকটি এলাকার বাড়ির ছাদ সার্ভে করা হবে।
তিনি আরো বলেন, সার্ভে ‘কার্যক্রম পরিচালনার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও থাকবে।যে বাড়ির ছাদে মশার লার্ভা পাওয়া যাবে তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
