ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ের সর্বশেষ খবর জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফোন করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ভারত ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে টেলিফোনে মোদি
মঙ্গলবার এক টুইটে নরেন্দ্র মোদি বলেছেন, ফোন করার জন্য এবং চলমান পরিস্থিতির সর্বশেষ খবর জানানোয় আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, ভারতের জনগণ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত জোরালো ও দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসের নিন্দা জানায়।

এর আগে, গত শনিবার ইসরায়েলে হামলা শুরুর পরপরই হামাসের নিন্দা জানিয়ে ইসরায়েলিদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এদিকে গাজার বাইরে সহিংসতা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইতালি। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইস্যু করা যৌথ এক বিবৃতিতে এই আহ্বান জানায় দেশগুলো।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘উগ্রবাদী অন্য দল ও কোনো রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতময় পরিস্থিতির সুযোগ নিতে পারে। এটা না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’