জিলাইভ রিপোর্ট:
বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন শর্ত সাপেক্ষে দেশে উপমহাদেশীয় ভাষার সিনেমা আমদানিতে সম্মতি দিয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ব্যানারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাবনা উপস্থাপন করে সংগঠনগুলো।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এসময় দেশী চলচ্চিত্র নির্মাণ বাড়ানোর লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানকে আগ্রহী করতে দেশের বন্ধ থাকা প্রেক্ষাগৃহকে আধুনিকায়ন করে চালু করা ও নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত এক হাজার কোটি টাকার তহবিল থেকে পর্যায়ক্রমে শুধু দুইশত কোটি টাকা নির্মাণ ক্ষেত্রে বরাদ্দ করা যেতে পারে।
শর্ত সাপেক্ষে ভারতীয় সিনেমা আমদানিতে সম্মতি চলচ্চিত্র সংগঠনগুলোর

প্রস্তাবনা অনুযায়ী, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান আপদকালে চলচ্চিত্র দর্শকদের হলে ফিরিয়ে আনতে ও চলচ্চিত্র নির্মাণ সংখ্যা বাড়ানোর লক্ষে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানি করা যাবে।
শর্তগুলো হচ্ছে- শুধু দেশের অনুমোদিত চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকরা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে উপমহাদেশীয় ভাষার সিনেমা আমদানি করার সুযোগ পাবেন। এ বিষয়ে সরকারি অনুমোদনের পর প্রথম বছর ১০টি ও পরের বছর আটটি সিনেমা আমদানি করতে পারবে। তবে প্রেক্ষাগৃহগুলো বছরে ৫২ সপ্তাহের মধ্যে শুধু ২০ সপ্তাহ আমদানিকৃত সিনেমা প্রদর্শন করতে পারবে।
বিদেশি চলচ্চিত্র আদমানির জন্য আবেদনকালীন সময়ে আবেদনপত্রের সঙ্গে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ছাড়পত্র সংযুক্ত করতে হবে। আর মুক্তির সময়ে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে আমদানিকৃত সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে দেশী সিনেমার ক্ষেত্রে বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ডকে নমনীয় হতে হবে।

বাংলাদেশে দুই ঈদে ও দুর্গা পূজার সপ্তাহে আমদানিকৃত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। বিদেশি সিনেমা আমদানি করার আগে অথবা অনুমতি পাওয়ার পর প্রতিটি চলচ্চিত্রের জন্য আমদানিকারক সংস্থাকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের তহবিলে নির্দিষ্ট পরিমাণ অনুদান (আলোচনা ও শর্ত সাপেক্ষে) জমা দিতে হবে। উক্ত অনুদান চলচ্চিত্র সংশ্লিষ্ট স্ব স্ব সংগঠনের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও কল্যাণের ব্যয়ে ব্যবহৃত হবে।
