আগামী সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এসময় কাদের বলেন, এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে।

সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে বিমানবন্দর থেকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সাম্প্রতিক অতীতে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আকতারও আগামী সেপ্টেম্বরেই দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হতে যাচ্ছে বলে জানান।তিনি জানান, প্রথম দফায় ১৪টি র্যামসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত। এরইমধ্যে এ কাজের ৯০ শতাংশ শেষ হয়েছে।
তিনি আরও বলেন, আপাতত এ পথে যে কোনো জায়গায় নামলেই একশ’ টাকা টোল নির্ধারণ করা থাকলেও, পুরোপরি চালুর আগে তা কিছুটা শিথিল করার কথা ভাবা হচ্ছে।

যেহেতু এ পথ পাড়ি দিতে হবে টোল দিয়ে, তাই এটি আদায়ের প্লাজাগুলোও প্রস্তুত। ১৭টি র্যামের মধ্যে প্রথম দফায় বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, বিজয় সরণি ও ফার্মগেট পর্যন্ত ১৪টি চালুর পরিকল্পনা রয়েছে।