পর্যটকদের বিনোদনের নতুন গন্তব্য হতে পারে দেশের প্রথম আইকনিক এই রেলস্টেশন , কক্সবাজারে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন। নান্দনিক ডিজাইন আর নির্মাণশৈলীর পাশাপাশি এর বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা এই স্টেশনই হতে পারে পর্যটকদের বিনোদনের নতুন গন্তব্য। ট্রেনে ওঠানামাসহ আরও থাকবে ১৭টি বাণিজ্যিক কার্যক্রম।
নতুন যুগের সূচনার অপেক্ষায় এখন পর্যটননগরী কক্সবাজার। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেল যাবে–এখন শুধু তার ক্ষণ গুনে অপেক্ষা। আক্ষরিক অর্থে ঝিনুক না হলেও সমুদ্র দর্শনে এসে প্রথম দর্শনেই যেন সামুদ্রিক একটা আবহ পাওয়া যায় গোটা স্টেশনে। কেবল আসা-যাওয়ার জন্যই হচ্ছে না এই স্টেশন, দেয়া হয়েছে বহুমাত্রিক রূপ।
পর্যটকদের বিনোদনের নতুন গন্তব্য হতে পারে দেশের প্রথম আইকনিক এই রেলস্টেশন
সুবিশাল চলন্ত সিঁড়ি দিয়ে উঠে দোতলা থেকে নামতে হবে ট্রেনের প্ল্যাটফর্মে। আর আসার যাত্রীরা বের হবেন নিচ থেকে। স্টেশনের ভেতরেই থাকবে কেনাকাটার ব্যবস্থা। থাকবে হলরুম। আবার চাইলেই নির্দিষ্ট লকারে ব্যাগ রেখে পর্যটকরা ঘুরে আসতে পারবেন পুরো শহর।

এই আইকনিক স্টেশনের স্থপতি মো. ফয়েজ উল্লাহ জানান, দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না এই স্টেশনে। ওপরের ছাদ খোলা থাকায় থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এর আধুনিক নির্মাণশৈলীর কারণেই বক্সবাজার রেলস্টেশনকে বলা হচ্ছে গ্রিন স্টেশন।
এই স্থপতি বলেন, ‘কক্সবাজার রেলস্টেশন ডিজাইন করার সময় একটা অনুপ্রেরণা নিই। ঝিনুক ও শামুকের গঠনটা বাহিরে থাকে, আর বাকি শরীরের অংশটুকু ভেতরে আবৃত থাকে। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো রেলস্টেশনটাকে একটা ছাউনি দিয়ে ঢেকে দিয়েছি।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন নির্মাণের অগ্রগতি ৮৫ ভাগ। নির্ধারিত সময়ের আগেই চলতি বছরে এই পর্যটন নগরে ট্রেনের বাণিজ্যিক যাত্রার শুরু হবে বলে জানিয়েছেন এর প্রকল্প পরিচালক।
দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ‘দুটি লটে আমরা কাজ করছি। লট-১-এ আমরা একটু পিছিয়ে আছি। লট-১ শুরু করেছিলাম পরে। কারণ, আমরা প্রথমে কক্সবাজারে জমি পেয়েছিলাম। এপাশ আশা করছি জুনের মধ্যে শেষ করতে পারব। বাকিটা সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে শেষ হবে। তাহলে অক্টোবর-নভেম্বরে ট্রেন চালাতে পারব বলে আশা করছি।’

প্রথম ধাপে দোহাজারী থেকে চকরিয়া ৫০ কিলোমিটার ও পরের ধাপে চকরিয়া থেকে কক্সবাজার ৫০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি নব্বই ভাগের বেশি।
আরও দেখুনঃ