বার্সেলোনার সবচেয়ে প্রিয় ফুটবলার হিসেবে মেসি, যা বললেন মেসি

বার্সেলোনার ভক্তদের প্রিয় খেলোয়াড়ের খেতাবে শীর্ষে নতুন করে এসেছে লিওনেল মেসি। স্প্যানিশ দৈনিক স্পোর্ত কর্তৃক পরিচালিত জরিপে প্রিয়তার সর্বোচ্চ র‍্যাংকিং পেয়ে মেসি ভ্যালোরেস দেল দেপোর্তে গালা অনুষ্ঠানে পুরস্কৃত হন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসি বলেন, “আমি ইন্টার মিয়ামিতে আরও কয়েক বছর থাকব, তবে বার্সেলোনা আমার ঘর। ক্যাম্প ন্যুতে সাধারণ সমর্থক হিসেবে উপস্থিত থাকব, খেলা দেখব এবং সবসময় ক্লাবকে সমর্থন দেব।” কাতালান মিডিয়া সংস্থা স্পোর্তের পরিচালক জোয়ান ভেহিলস মিয়ামিতে উপস্থিত হয়ে মেসিকে পুরস্কারটি তুলে দেন।

মেসির বার্সেলোনা জীবন অসাধারণ। ২০০৪–২০২১ পর্যন্ত মূল দলের হয়ে ৮৩৭ ম্যাচে ৭০৯ গোল এবং ৩৫ শিরোপা জয়। তার হাত ধরেই বার্সেলোনা বিশ্ব ফুটবলের সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মেসি বলেন, “আমরা একসঙ্গে অনেক কিছু পার করেছি—ভালো ও খারাপ। মহামারির কারণে ভক্তদের ছাড়াই বিদায় নিতে হয়েছিল। তবুও বার্সেলোনার প্রতি আমার ভালোবাসা অমলিন।”

পুরস্কার গ্রহণের সময় মেসি অতীতের স্মৃতি ও অর্জনকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “যেসব মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, সেগুলো সবসময় আমার হৃদয়ে থাকবে। আমি চাইনি অন্য কোনো ক্লাবে যাওয়া, বরং পুরো ক্যারিয়ারটি বার্সেলোনায় কাটাতে চেয়েছিলাম। যদিও বিষয়গুলো অন্যভাবে ঘটেছে, ক্লাবের প্রতি ভালোবাসা অটুট।”

পুরস্কারটি কেবল মেসির ব্যক্তিগত স্বীকৃতি নয়; এটি প্রমাণ করে, বার্সেলোনার ইতিহাসে তার অবদান ও ভক্তদের হৃদয়ে তার স্থান অবিচল।