বার্সা কিনতে চায় সৌদি যুবরাজ: ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক ফুটবলে এক নতুন দিক নির্দেশ করতে চলেছেন। তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মালিকানা কিনতে ১০ বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। এটি ক্রীড়া খাতে সৌদি আরবের প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, যুবরাজের এই প্রস্তাব কেবল অর্থ বিনিয়োগ নয়, বরং সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির লক্ষ্য ফুটবলকে আন্তর্জাতিক শক্তি হিসেবে ব্যবহার করা, যার মাধ্যমে ক্রীড়া এবং অর্থনীতির ক্ষেত্রে বৈচিত্র্য আনা সম্ভব।

বার্সেলোনা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। ক্লাবটির ঋণ ২.৫ বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। সৌদি যুবরাজের প্রস্তাব কার্যকর হলে ক্লাবটির আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হতে পারে। তবে আইনগতভাবে পুরো ক্লাবটি একক মালিকানায় নেওয়া সম্ভব নয়। বার্সেলাোনা সদস্য-ভিত্তিক সোসিও কাঠামোর অধীনে পরিচালিত হয়, তাই সদস্যদের অনুমোদন ছাড়া মালিকানা পরিবর্তন করা সম্ভব নয়।

বিশ্লেষকরা মনে করেন, প্রস্তাবটি প্রাথমিকভাবে যাচাই এবং আলোচনা পর্যায়ে। তবে এই প্রস্তাবই ফুটবল ইতিহাসে নজিরবিহীন অর্থের বিনিয়োগ হিসেবে চিহ্নিত হবে। সৌদি যুবরাজ ইতোমধ্যেই দেশীয় লিগ ও আন্তর্জাতিক ক্লাবে ব্যাপক বিনিয়োগ করেছেন। বার্সেলোনার জন্য প্রস্তাবিত এই অর্থ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আর্থিক স্থিতিশীলতার জন্য বিপুল সম্ভাবনা সৃষ্টি করছে।

সৌদি প্রো লিগ ইতোমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড় ও কোচদের আকর্ষণ করেছে। যুবরাজের পরিকল্পনা সফল হলে বার্সেলোনার আন্তর্জাতিক ক্রীড়া ও অর্থনৈতিক প্রভাবও আরও বৃদ্ধি পাবে।