বগুড়ার গাবতলীতে মুরগি চুরির ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) নিহত হয়েছেন। সংঘর্ষে প্রতিপক্ষের স্বাধীন (১৮) গুরুতর আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামে এই ঘটনা ঘটে। গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, প্রধান হামলাকারী স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত তরিকুল ইসলাম ভুট্টো একই এলাকার আনোয়ার হোসেন সাজুর ছেলে। ভুট্টো আগে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত ছিলেন। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তার মুরগির খামার থেকে ব্রয়লার মুরগি চুরি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে ভুট্টো ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন গুরুতর আহত হন এবং তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৯টায় গাবতলী থানার ওসি জানান, নিহত ভুট্টোকে হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
জিলাইভ/টিএসএন
