,

নিউ ইয়র্কে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন মেয়র মামদানি

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে আবারও স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তিনি মানবেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন। মেয়র নির্বাচনের আগে ইতিমধ্যেই এ ঘোষণা দিয়েছিলেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে তাকে মামদানির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেছেন। এবিসি৭-এর সরাসরি সম্প্রচারে মামদানি নিউ ইয়র্ককে ‘আন্তর্জাতিক আইনের শহর’ হিসেবে উল্লেখ করে বলেন, শহরটি আইসিসির ২০২৪ সালের গ্রেপ্তারি পরোয়ানা সম্মান করবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক লোকদের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

মামদানি বলেন, “আমি বারবার বলেছি যে এটি আন্তর্জাতিক আইনের শহর, এবং আন্তর্জাতিক আইন মানে আন্তর্জাতিক আইন রক্ষা করা। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলা— তা নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন।” তিনি আরও বলেন, নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের মূল্যবোধ বাস্তবায়নে ধারাবাহিকতা চান। তাই গ্রেপ্তারি পরোয়ানাগুলো পরীক্ষা করে বাস্তবায়নযোগ্য সকল আইনি উপায় অনুসন্ধান করা হবে।

নির্বাচনের আগে অক্টোবর মাসে ফক্স নিউজের ‘দ্য স্টোরি’ অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, আইনি সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। মামদানি বলেন, তিনি কোনো নতুন আইন তৈরি করবেন না এবং বিদ্যমান আইনের সীমার মধ্যে থেকে কাজ করবেন। যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তির স্বাক্ষরকারী না হলেও, তার মতে, শহরের উচিত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের চেষ্টা করা, যতক্ষণ তা দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

জিলাইভ/টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।