বড় অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে এগোচ্ছি আমরা। এমন এক সময়ে, যখন সত্যের মুখেও মিথ্যার ছায়া পড়ে, আবার কখনো মিথ্যাই সত্যের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আসল-নকল, সত্য-মিথ্যা, ভালো-মন্দ, আলো-অন্ধকার—চেনা এই বিভাজনগুলো যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। কোনটি বাস্তব আর কোনটি মানুষের তৈরি, সেই সহজ প্রশ্নের উত্তর খুঁজতেও এখন থমকে দাঁড়াতে হয়।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, ক্ষমতার পরিধি বাড়িয়েছে, কল্পনাকে দিয়েছে নতুন মাত্রা। কিন্তু সেই প্রযুক্তিই যখন বাস্তবতার বিকল্প তৈরি করতে শুরু করে, তখন সামনে আসে এক গভীর সংকট। মানুষ শুধু নিজের চারপাশের পৃথিবী বদলাচ্ছে না; নিজের পরিচয়, চেহারা, কণ্ঠস্বর, জ্ঞান ও সৃষ্টিশীলতাকেও ইচ্ছেমতো নির্মাণ করছে।
মানুষের প্রকৃত মুখ যেন হারিয়ে যাচ্ছে অসংখ্য কৃত্রিম মুখের ভিড়ে। বয়স আড়াল করে কেউ নিজেকে তরুণ করে তুলছে। আবার প্রযুক্তির সহায়তায় অপরিণত কেউ নিজেকে অভিজ্ঞ, পরিণত কিংবা জ্ঞানী হিসেবে উপস্থাপন করতে পারছে। প্রকৃতি যে মুখ দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, সেটিও যেন আর যথেষ্ট মনে হচ্ছে না। নিজের স্বাভাবিক সৌন্দর্যকে গ্রহণ করার বদলে আমরা তাকে সংশোধন করছি, মসৃণ করছি, বদলে দিচ্ছি। নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষায় অনেক সময় মুছে ফেলছি নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যই।
এই প্রবণতা শুধু বাহ্যিক চেহারায় সীমাবদ্ধ নেই। মানুষের নিজস্ব স্বকীয়তাও ক্রমে কৃত্রিম নির্মাণের ভেতরে ঢুকে পড়ছে। আমরা কীভাবে দেখতে চাই, কীভাবে কথা বলতে চাই, এমনকি অন্যের চোখে নিজেদের কেমন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই—তার অনেকটাই এখন প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব।
একসময় মানুষের কণ্ঠস্বর ছিল তার অস্তিত্বের নিজস্ব স্বাক্ষর। কণ্ঠ শুনেই প্রিয় মানুষকে চিনে নেওয়া যেত। এখন সেই কণ্ঠও নকল করা যায়। কারও বলা কথা কেটে-ছেঁটে ভিন্ন অর্থে ব্যবহার করা সম্ভব। এমন কথাও প্রযুক্তির মাধ্যমে একজন মানুষের মুখ দিয়ে বলানো যায়, যা তিনি কোনোদিন বলেননি।
এর ফলে সত্য-মিথ্যার সংকট আরও জটিল হয়ে উঠছে। একজন মানুষ কোনো অপরাধ করেছেন কি না, তিনি কী বলেছেন বা কী করেননি—এসবের উত্তর খুঁজতে গিয়ে শুধু চোখে দেখা বা কানে শোনা তথ্যের ওপর নির্ভর করাও কঠিন হয়ে পড়ছে। প্রযুক্তির কারসাজিতে একজন নির্দোষ মানুষকেও এমনভাবে উপস্থাপন করা সম্ভব, যেন তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত। বাস্তবতার ওপর তৈরি হচ্ছে নির্মিত বাস্তবতার আরেকটি স্তর।
জ্ঞানচর্চার ক্ষেত্রেও পরিবর্তনটি স্পষ্ট। যে মানুষটি হয়তো নিজের ভাষায় একটি বাক্যও শুদ্ধভাবে লিখতে পারেন না, প্রযুক্তির সহায়তায় তিনি সাবলীল ও পরিশীলিত ভাষায় নিজেকে প্রকাশ করতে পারেন। যে বিষয়ে তার দীর্ঘদিনের অধ্যয়ন নেই, সেখানেও তিনি বিশেষজ্ঞের মতো বক্তব্য উপস্থাপন করতে পারেন। এতে প্রকাশের ক্ষমতা বাড়ছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—প্রকাশিত জ্ঞানের কতটুকু নিজের অর্জন, আর কতটুকু প্রযুক্তির তৈরি আবরণ?
জ্ঞান আর জ্ঞানের ভানের মধ্যকার সীমারেখা তাই ক্রমেই অস্পষ্ট হচ্ছে। তথ্য পাওয়া সহজ হয়েছে, কিন্তু তথ্য বোঝা, যাচাই করা এবং তার সত্যতা নির্ধারণের দায়িত্ব মানুষের কাছেই থেকে যাচ্ছে। প্রযুক্তি উত্তর দিতে পারে; কিন্তু সেই উত্তর সত্য কি না, তা বিচার করার বোধ মানুষেরই প্রয়োজন।
সৃষ্টিশীলতার জগতও এই পরিবর্তনের বাইরে নেই। গল্প, কবিতা, উপন্যাস, সংগীত, নাটক, চিত্রকলা কিংবা সিনেমা—প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি মানুষের কল্পনাকে এমন ক্ষমতা দিয়েছে, যা একসময় কেবল কল্পকাহিনির বিষয় ছিল। এখন নিজের পছন্দমতো একটি চরিত্র তৈরি করা যায়। তার মুখ, কণ্ঠ, বয়স, পোশাক, শরীর ও পরিবেশ নির্ধারণ করা যায়। তার চারপাশে তৈরি করা যায় ঘর, বাড়ি, রাস্তা, নদী, মাঠ কিংবা একটি সম্পূর্ণ কাল্পনিক শহর।
কয়েক মুহূর্তের মধ্যেই মনের ভেতরের একটি দৃশ্যকে দৃশ্যমান করে তোলা সম্ভব। কল্পনাকে শুধু ভাবনায় আটকে রাখতে হয় না; তাকে শব্দ, ছবি ও চলমান দৃশ্যের রূপ দেওয়া যায়। একসময় যে কাজের জন্য প্রয়োজন হতো বহু মানুষের শ্রম, দীর্ঘ সময় এবং বিপুল প্রস্তুতি, প্রযুক্তি তার অনেকটাই সহজ করে দিয়েছে।
অর্থাৎ কল্পনা ও বাস্তবতার মাঝখানে যে দেয়াল মানুষকে একসময় থামিয়ে দিত, প্রযুক্তি সেই দেয়ালে দরজা খুলে দিয়েছে।
কিন্তু সেই দরজা দিয়ে আমরা কোথায় প্রবেশ করছি?
এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে কল্পনাকে বাস্তবের মতো দেখানো যায়। নির্মিত দৃশ্যকে সত্য বলে বিশ্বাস করানো যায়। একটি কৃত্রিম কণ্ঠকে বাস্তব মানুষের কণ্ঠ বলে মনে হতে পারে। একটি তৈরি করা মুখকে সত্যিকারের মানুষের মুখ বলে ধরে নেওয়া যায়। এমনকি একটি সম্পূর্ণ কল্পিত ঘটনাকেও এমনভাবে উপস্থাপন করা সম্ভব, যাতে তা বাস্তব ঘটনার চেয়েও বিশ্বাসযোগ্য বলে মনে হয়।
এখানেই শুরু হয়েছে এক অদৃশ্য প্রতিযোগিতা। কে আরও সুন্দরভাবে কল্পনাকে বাস্তবের পোশাক পরাতে পারে, কে আরও নিখুঁতভাবে মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করতে পারে, কে কত দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে একটি কৃত্রিম পৃথিবী নির্মাণ করতে পারে—তার প্রতিযোগিতা যেন ক্রমেই তীব্র হচ্ছে।
কিন্তু এই অসীম ক্ষমতা অর্জনের বিনিময়ে আমরা কী হারাচ্ছি?
প্রযুক্তির শক্তি নিয়ে প্রশ্ন তোলার অর্থ প্রযুক্তির বিরোধিতা করা নয়। বরং প্রশ্নটি হলো, সেই শক্তি ব্যবহারের সীমা কোথায়। মানুষ যদি নিজের স্বাভাবিকতাকে ত্রুটি মনে করতে শুরু করে, নিজের অসম্পূর্ণতাকে লুকিয়ে রাখতে চায় এবং কৃত্রিম নিখুঁততাকেই জীবনের আদর্শ বানিয়ে ফেলে, তবে তার নিজের অস্তিত্বের স্বকীয়তাই একসময় সংকটে পড়তে পারে।
সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ নিজের সৃষ্টিশীলতার কাছে নিজেকেই বিসর্জন দিচ্ছে কি না, সেই প্রশ্নটিই এখন গুরুত্বপূর্ণ। আমরা আসলকে সরিয়ে কল্পিতকে সামনে আনছি, স্বাভাবিকতাকে লজ্জার বিষয় ভাবছি, অসম্পূর্ণতাকে ত্রুটি হিসেবে দেখছি এবং নিখুঁত এক কৃত্রিমতার দিকে ছুটছি।
পৃথিবী নামের এই প্রাচীন গ্রহটিকে আমরা যেন ধীরে ধীরে নকলের রঙিন ফানুশে ভরে দিচ্ছি। সেই ফানুশে আলো আছে, কিন্তু উষ্ণতা নেই। সৌন্দর্য আছে, কিন্তু শিকড় নেই। দৃশ্য আছে, কিন্তু তার ভেতরে সত্যের উপস্থিতি কতটা—সেই প্রশ্ন থেকেই যায়।
তাহলে কৃত্রিমতার এই বিপুল আয়োজন কি সত্যিই মানবসভ্যতার অগ্রগতি? নাকি এটি মানুষের নিজের কাছ থেকেই মানুষের ক্রমশ দূরে সরে যাওয়ার এক নীরব ইতিহাস?
যে পৃথিবীতে সত্যকে মিথ্যার মুখোশ পরিয়ে দেওয়া যায়, মানুষের কণ্ঠস্বরকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যায়, মানুষের মুখকে অচেনা মুখে রূপান্তর করা যায় এবং কল্পনাকে বাস্তবের চেয়েও বাস্তব করে তোলা যায়, সেখানে আমাদের থেমে ভাবতেই হবে—আমরা আসলে কোন পৃথিবী নির্মাণ করছি?
প্রকৃতি কি এই পরিবর্তনের কাছে নীরব থাকবে?
হয়তো প্রকৃতি প্রতিশোধ নেয় না। সে শুধু তার নিজস্ব নিয়মে হিসাব মেলায়। মানুষের সীমাহীন লোভ, ভোগের আকাঙ্ক্ষা এবং আত্মপ্রবঞ্চনার বিপরীতে প্রকৃতি একদিন তার নীরব অথচ কঠিন উত্তর দিতে পারে। তখন হয়তো মানুষ বুঝবে, প্রকৃতিকে জয় করার কোনো পথ নেই। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাভাবিকতা ও সীমাবোধ নিয়ে সহাবস্থান করাই ছিল মানুষের প্রকৃত সভ্যতা।
প্রযুক্তি আমাদের শক্তি দিতে পারে, কিন্তু সেই শক্তির ব্যবহার কীভাবে হবে, তার নৈতিক সিদ্ধান্ত মানুষেরই নিতে হবে। কৃত্রিমতা হয়তো আমাদের জীবনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে, কিন্তু মানুষের জায়গা যদি ধীরে ধীরে নির্মিত মুখ, ধার করা কণ্ঠ, কৃত্রিম জ্ঞান আর সাজানো বাস্তবতা দখল করে নেয়, তাহলে একসময় প্রশ্ন উঠবে—এই বিপুল নির্মাণের কেন্দ্রে প্রকৃত মানুষটি কোথায়?
সেই উপলব্ধি যদি খুব দেরিতে আসে, তখন হয়তো ফিরে তাকানোর সময়টুকুও থাকবে না। আর ক্ষমা চাওয়ার মতো সময়ও হয়তো আমাদের হাতে থাকবে না।
মনজুর রশীদ বিদ্যুৎ
লেখক, কবি, গবেষক, যোগাযোগ বিশেষজ্ঞ ও উন্নয়ন অ্যাডভোকেট।









