জাতীয় জনমত জরিপ ২০২৫ প্রকাশ করেছে যে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে জনমতের মধ্যে বড় ভাগ মানুষ হতাশ। জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মানুষ দেশের আর্থিক ও সামাজিক উন্নতির সম্ভাবনা নিয়ে হতাশাব্যক্ত করেছেন। সুনির্দিষ্টভাবে, ৩৪.৪ শতাংশ মানুষ ‘হতাশ’, এবং ১১.৩ শতাংশ ‘খুবই হতাশ’। এই দুই ভাগ মিলিয়ে মোট ৪৫.৭ শতাংশ মানুষ হতাশাব্যক্ত করেছেন।
অন্যদিকে, দেশের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আশাবাদী মানুষের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ। ৩১.৪ শতাংশ মানুষ ‘কিছুটা আশাবাদী’, আর ৩ শতাংশ ‘অত্যন্ত আশাবাদী’। একত্রে আশাবাদী মানুষদের হার দাঁড়াচ্ছে ৩৫ শতাংশ। এছাড়া, ১৯ শতাংশ মানুষ ন অনুত্সাহী, ন আশাবাদী—তারা নিরপেক্ষ।
জরিপের ফলাফলে দেখা গেছে, নারীরা দেশের উন্নতির বিষয়ে পুরুষের তুলনায় বেশি আশাবাদী। একইভাবে তরুণ জনগোষ্ঠীও বয়স্কদের তুলনায় সামান্য বেশি আশাবাদী।
জরিপে কর্মসংস্থান এবং আয়ের সুযোগ নিয়েও ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রায় ৮৩ শতাংশ মানুষ মনে করেন বর্তমান পরিস্থিতি কর্মসংস্থান বা আয়ের সুযোগের জন্য অনুকূলে নয়। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিয়েও মানুষের মনোভাব নেতিবাচক; ৭৭ শতাংশ মানুষ মনে করেন বর্তমান পরিস্থিতি ব্যবসার জন্য অনুকূলে নেই।
এ জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম/আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১,৩৪২ জনের মতামত নেওয়া হয়। বিভিন্ন পেশা, আয় ও শ্রেণীর মানুষের মতামত সমন্বিতভাবে নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে ২১ থেকে ২৮ অক্টোবর।
জরিপটি নিরপেক্ষ হলেও নির্বাচনী এলাকার প্রতিনিধি নয়। তবে অনলাইন বা ছাপা পত্রিকা পড়া, ভোট দেওয়ার সম্ভাব্য মানুষদের মতামত ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। ফলাফলের নির্ভরযোগ্যতা (confidence level) ৯৯ শতাংশ।