খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই মার্চ ২০২৫, ৪:৬ পিএম

ঢাকা, ৩ মার্চ ২০২৫ (বাসস) – সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলি জারামানায় দুরুজ বন্দুকধারীদের সঙ্গে মারাত্মক সংঘর্ষের পর নতুন কর্তৃপক্ষের বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দামেস্ক থেকে প্রকাশিত এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জারামানায় একটি চেকপয়েন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার একদিন পর নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বন্দুকধারীদের মধ্যে সহিংসতা শুরু হয়।
সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় নিরাপত্তা প্রধান হোসাম তাহহান বলেছেন, ‘বিশৃঙ্খলা ও অবৈধ চেকপয়েন্ট বন্ধ করতে আমাদের বাহিনী মোতায়েন শুরু করেছে।’ তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে তারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবারের সংঘর্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের জন্য নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘দুরুজ সম্প্রদায়কে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।’
তবে স্থানীয়দের অনেকে ইসরাইলের বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। ৫৬ বছর বয়সী জারামানা বাসিন্দা সালাহ আব্দুলরাজাক বলেন, ‘এটি জনগণের মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা।’
জারামানার দুরুজ নেতারা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সহিংসতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করবেন।
জারামানা ছিল প্রথম অঞ্চলগুলোর মধ্যে একটি যেখানে আসাদের পতনের আগে তার বাবা, প্রাক্তন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের মূর্তি ভাঙা হয়েছিল।
মন্তব্য