তিন বিমানবন্দরের উন্নয়নে ৭৭৩ কোটি টাকা অনুমোদন। যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য ৭৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ১০৫ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

তিন বিমানবন্দরের উন্নয়নে ৭৭৩ কোটি টাকা অনুমোদন
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, কমিটির সভায় অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনার মাধ্যমে সব কটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চারটি, কৃষি মন্ত্রণালয়ের চারটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।
অনুমোদন দেওয়া ১৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২৩ হাজার ৮২ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২২ হাজার ৩৬৭ কোটি ১১ লাখ ৭ হাজার ৫৪৬ টাকা এবং দেশীয় ব্যাংক অর্থায়ন করবে ৭১৫ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা।