ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের প্রভাবে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম সচল রাখতে আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনলাইন মাধ্যমেই পরিচালিত হবে। সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকেরা এই অনলাইন ক্লাসের সময়সূচী ও মাধ্যম নির্ধারণ করবেন।
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পুরনো ও ঐতিহ্যবাহী ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে সেশনজট এড়াতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই অন্তর্বর্তীকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের পরিদর্শন টিম বর্তমানে ক্ষতিগ্রস্ত ভবনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের দেওয়া কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই ভবনগুলোর সংস্কার কাজ শুরু হবে এবং শীতকালীন ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ল্যাবরেটরি বা হাতেকলমে শিক্ষার প্রয়োজন হয় এমন বিষয়গুলোর ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। বর্তমানে আবাসিক হলগুলো খোলা থাকলেও ভবনগুলোর ঝুঁকির মাত্রা বিবেচনায় শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকৌশল টিমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোন কোন ভবন ব্যবহারের উপযোগী বা কোনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হবে, তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কাটিয়ে উঠতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জিলাইভ/টিএসএন
