মতলবে ঘর থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সীমা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ কয়েক দিন ধরে ঘরটি তালাবদ্ধ থাকায় এবং সীমার কোনো সন্ধান না পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্তত তিন থেকে চার দিন আগে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সীমা আক্তার গোবিন্দপুর গ্রামের সফিক তপাদারের মেয়ে। সফিক ও তার পরিবার দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করে আসছিলেন। সীমা গত ২৩ নভেম্বর ঢাকা থেকে একাই গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে পৌঁছে তিনি নিজ ঘরের তালা খুলে প্রবেশ করেন। প্রতিবেশীরা তাকে বাড়িতে ঢুকতে দেখলেও পরবর্তী সময়ে তারা ঘরটি আবারও তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে প্রতিবেশীরা ধারণা করেছিলেন যে, সীমা হয়তো কাজ সেরে আবারও ঢাকায় ফিরে গেছেন। তবে সীমার কোনো হদিস না পেয়ে এবং ফোনে তাকে না পেয়ে গত বৃহস্পতিবার তার মা ঢাকা থেকে গ্রামে আসেন। ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করতেই তিনি দেখতে পান সীমার অর্ধগলিত মরদেহ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে।

মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় গন্ধ ছড়িয়ে পড়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সীমার মৃত্যুর পেছনে পারিবারিক কোনো কলহ নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

জিলাইভ/টিএসএন