গণতন্ত্র রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ‘ঘোষণা দিয়েছেন জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রকে ধ্বংস করতে চান, সে কারণে আবারও নির্বাচন করার কথা জানিয়েছেন বাইডেন।
ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা বাইডেনের
৮০ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। সেজন্য তার বয়স নিয়ে প্রায়ই নানা আলোচনা-সমালোচনা হয়। বয়স নিয়ে আলোচনার বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন বলেও জানান। ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর এমন মন্তব্য করে বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’
জো বাইডেন আরও জানান, তিনি কখনোই স্বৈরশাসকদের কাছে মাথানত করবেন না। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই।
আমেরিকার জন্য এখনও লড়াই চলছে বলে জানান বাইডেন। তিনি বলেন, ‘চার বছর আগে আমি যখন প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি। সে লড়াই এখনো চলছে। আসুন আমরা কাজটা শেষ করি। আমি জানি, আমরা পারব।’
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন জো বাইডেন। আগামী নির্বাচনে যদি ট্রাম্প আবার প্রার্থী হন তাহলে এ দুজনকে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে।