জুলাই মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৭২২ কোটি টাকা। জুন মাসের মতোই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে জুলাই মাসের শুরু থেকে। প্রবাসী আয় (রেমিট্যান্স) আসার এ ধারা অব্যাহত থাকলে এ মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসের প্রথম সাতদিনে ৪৬ কোটি ৫৬ লাখ (৪৬৫ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলদেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৫ লাখ ডলার বা প্রায় ৭২২ কোটি (৭২১ কোটি ৬৮ লাখ টাকা) টাকা রেমিট্যান্স আসছে।
জুলাই মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৭২২ কোটি টাকা
এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসী আয় আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার ছাড়াবে।

তবে এ সময়ের মধ্যে কোনো রেমিট্যান্স আসেনি এমন ১১টি ব্যাংকের মধ্যে রয়েছে-
- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল
- বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব
- সিটিজেনস ব্যাংক পিএলসি
- বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
- কমিউনিটি ব্যাংক লিমিটেড
- সীমান্ত ব্যাংক
আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে-
- সিটি ব্যাংক এনএ
- হাবিব ব্যাংক লিমিটেড
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
- উরি ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান

২০২২-২৩ অর্থবছরে প্রথম দুই মাসে দুই বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আর আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।