ফরিদপুরের মধুখালী উপজেলায় আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখালী মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত গৃহবধূ কামারখালী মধ্য আড়পাড়া গ্রামের সমর শেখের স্ত্রী বলে জানা যায়
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহতের সত্যতা জানিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: জামান রাসেল বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালটিতে নিয়ে আসেন। তার দেহের বিভিন্ন স্থানে পিটানো ও রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
একটি পরকীয়া সম্পর্কের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে দাবী নিহতের স্বজনদের।এ ব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।