গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়: মির্জা ফখরুল

গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়: মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করে বলেন, দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। কর্পোরেট গণমাধ্যম তৈরি করা হয়েছে। বড় বড় কোম্পানিগুলো সবাই টিভি চ্যানেল বা পত্রিকার মালিক। তারা সবাই ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত। কেউ কিন্তু টাকা পাচারের বিরুদ্ধে কথা বলে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।

গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়: মির্জা ফখরুল

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের সংবাদমাধ্যম ও দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জোর করে চিরদিন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছে। পুলিশ, প্রশাসন, গণমাধ্যম সবই নিয়ন্ত্রণ করছে। পুরো সমাজকে তারা নষ্ট সমাজে পরিণত করেছে। 

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মী খুন করেছে। চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মিথ্যা মামলা দিয়েছে। 

জনগণের ভোটে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পেশাজীবীদের মধ্যে অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

Leave a Comment