পর্যটন নগরী কক্সবাজারে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে কক্সবাজার পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে এই সফল অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি (লাইট গান) এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে টহল দেওয়ার সময় বাস টার্মিনাল থেকে বাজারঘাটার দিকে আসা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সিগন্যাল দেয় পুলিশ। অটোরিকশাটি থামার পরপরই ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করে তিনজনকে ধরে ফেলতে সক্ষম হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়ার সাইফুল ইসলাম ওরফে ইকবাল (৩২), ভারুয়াখালী ইউনিয়নের মো. রিদুয়ান হোসাইন (২৫) এবং মো. ফাহিম (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা পর্যটক ও স্থানীয়দের লক্ষ্য করে নিয়মিত ছিনতাই করত।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পর্যটন এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে শহর ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জিলাইভ/টিএসএন
