রিয়াল মাদ্রিদের জন্য সময়টা যেন ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে চোট-সংকট—সব মিলিয়ে স্প্যানিশ জায়ান্টদের সামনে এখন এক কঠিন অধ্যায়। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে মাত্র ২টি জয় রিয়ালকে ঠেলে দিয়েছে চাপের মুখে। এর সরাসরি প্রভাব পড়েছে প্রধান কোচ জাবি আলোনসোর ওপর। ব্যর্থতার দায়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
এর মধ্যেই রিয়ালের জন্য এসেছে আরও দুঃসংবাদ। লা লিগায় আগামীকাল আলাভেজের বিপক্ষে ম্যাচে স্কোয়াডের সর্বোচ্চ ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় রয়েছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে-সহ একাধিক নিয়মিত একাদশের খেলোয়াড়।
গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। এরপর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাঁকে পুরো সময় বেঞ্চে বসে থাকতে দেখা যায়। শুধু হাঁটুই নয়, ফরাসি এই ফরোয়ার্ডের একটি আঙুলও বর্তমানে ভাঙা অবস্থায় রয়েছে। যদিও তিনি শুক্রবার দলের অনুশীলনে ফিরেছেন, তবে আলাভেজ ম্যাচে তাঁর মাঠে নামা এখনও অনিশ্চিত। ক্লাব সূত্র জানিয়েছে, চোটে উন্নতি না হলে এমবাপ্পেকে ঝুঁকি নেওয়া হবে না।
চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গেছেন দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডেভিড আলাবা, ফেরলান্দ মেন্দি ও এদের মিলিতাও—যাঁরা সবাই রিয়ালের ডিফেন্স লাইনের মূল স্তম্ভ। এ ছাড়া কার্ড নিষেধাজ্ঞার কারণে আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া খেলতে পারবেন না।
অন্যদিকে এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দে, আন্তোনিও রুদিগার ও ডিন হুইসেন—এই চারজনের অবস্থাও শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, আলাভেজ ম্যাচের জন্য একজনও পরীক্ষিত ফুলব্যাক নেই আলোনসোর হাতে। ফলে একাডেমি থেকে ১৯ বছর বয়সী ভিক্টর ভালদেপেনাসকে দলে ডাকতে হতে পারে।
আলাভেজ ম্যাচে রিয়ালের অনুপস্থিতি ও শঙ্কার তালিকা
| খেলোয়াড় | কারণ |
| কিলিয়ান এমবাপ্পে | হাঁটুর চোট ও আঙুল ভাঙা |
| ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড | চোট |
| ডেভিড আলাবা | চোট |
| দানি কারভাহাল | চোট |
| ফেরলান্দ মেন্দি | চোট |
| এদের মিলিতাও | চোট |
| আলভারো কারেরাস | কার্ড নিষেধাজ্ঞা |
| ফ্রান গার্সিয়া | কার্ড নিষেধাজ্ঞা |
| কামাভিঙ্গা | শঙ্কায় |
| ভালভের্দে | শঙ্কায় |
| রুদিগার | শঙ্কায় |
| ডিন হুইসেন | শঙ্কায় |
লা লিগে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪০ পয়েন্ট। এমন গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড় সংকট রিয়ালের শিরোপা দৌড় ও আলোনসোর ভবিষ্যৎ—দুটিকেই আরও অনিশ্চিত করে তুলেছে। এখন দেখার বিষয়, এই চরম সংকট থেকে রিয়াল কীভাবে ঘুরে দাঁড়ায়।
