তীব্র তাপদাহে এক শিক্ষার্থীর মুত্যু। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তীব্র তাপদাহে শ্রেণি কক্ষে অসুস্থ হওয়ার পর উম্মে হাবিবা (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং তিতাস উপজেলার চাঁন নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

তীব্র তাপদাহে এক শিক্ষার্থীর মুত্যু
দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার জানান, বিদ্যালয়ের দুটি ক্লাস শেষ হওয়ার পর ষষ্ঠ শ্রেণীর উম্মে হাবিবা নামের এক শিক্ষার্থীকে তার কয়েকজন সহপাঠি ধরাধরি করে অফিসের দিকে নিয়ে আসছে। ওই সময় মেয়েটিকে অসুস্থ অবস্থায় দু’জন শিক্ষক দিয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে পাঠাই। হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে জানতে পারি উম্মে হাবিবা নামের শিক্ষার্থী মারা গেছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, উম্মে হাবিবা নামের স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্কুলের দু’জন শিক্ষক। অতিরিক্ত গরমে নাকি ফুড পয়জনিং সেটা সঠিক বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই রাস্তায় ওই ছাত্রী মারা যায়। তার মরদেহ পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতাল থেকে বিষয়টি জানার পর বিদ্যালয়ে পুলিশ পাঠিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিনুল হাসান জানান, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি৷