,

ইসরাইল-ইরান সংঘাতে সংযমের আহ্বান ইইউ’র

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার এক বিবৃতিতে সংঘাত দ্রুত বাড়তে থাকায় সংযম দেখানোর আহ্বান জানায় তারা।

ব্রাসেলস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যা পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থের ঝুঁকি বাড়াতে পারে।

ইসরাইলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পর পাল্টা আক্রমণ চালায় তেহরান। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করে ইইউ এই বিবৃতি দেয়।

পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের দপ্তর থেকে জানানো হয়, এই সংঘাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। পাশাপাশি ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করে ইইউ।

ইসরাইল জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যেই তাদের এই হামলা। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

ইইউ জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) সম্প্রতি জানিয়েছে, ইরান বাধ্যতামূলক পারমাণবিক নিরাপত্তা নিয়ম মানছে না। তবে ইইউ’র মতে, টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কেবল কূটনৈতিক উপায়ে, সামরিক হামলার মাধ্যমে নয়।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।